ঢাকা
২৬ জুলাই ২০২৬
Advertise with us

মতিঝিল মেট্রোস্টেশনের নিচে বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়, আহত ১

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ১ বার পঠিত
মতিঝিল মেট্রোস্টেশনের নিচে বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়, আহত ১

মতিঝিল মেট্রোরেলের নিচ থেকে উদ্ধার।  ছবি: -সংগৃহীত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতর রক্ষিত ‘আইইডি’ (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) জাতীয় বোমা উদ্ধার করা হয়েছে। পরে তা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দল।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্টেশনের নিচতলার জেনারেটর রুমের পাশে একটি ছাতা ও বালতি দেখে আনসার সদস্যদের সন্দেহ হয়। ছাতার ভেতর আলো জ্বলতে দেখে তাৎক্ষণিকভাবে এমআরটি ও মতিঝিল থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করে। এ ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা তল্লাশি চালানো হয়।

নিয়ন্ত্রিত বিস্ফোরণের সময় ছিটকে আসা স্প্লিন্টারের আঘাতে মিরাজ আহমেদ (৩৩) নামে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মচারী বাঁ চোখে আঘাত পান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, এটি একটি সক্রিয় আইইডি ছিল। উল্টো রথযাত্রার শোভাযাত্রা অতিক্রম করার পরপরই জনমনে আতঙ্ক ছড়াতে এটি রাখা হয়ে থাকতে পারে। ঘটনার পেছনে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করেছে এবং মতিঝিল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa