https://asia24.tv


বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: -সংগৃহীত
দীর্ঘদিনের দুর্নীতি, অর্থ পাচার ও অর্থনৈতিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি মারাত্মক চাপের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে জনগণের ঐকান্তিক শক্তি ও নতুন সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ দ্রুতই ঘুরে দাঁড়াবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
রাজধানীর একটি হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (দায়রা) আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কনফারেন্সের মূল প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ অ্যান্ড আ চেঞ্জিং ওয়ার্ল্ড: আনচার্টেড টাইমস, ইমার্জিং অর্ডারস, অ্যান্ড দ্য পলিটিক্স অব কেয়ার’। দেশি-বিদেশি গবেষক, নীতি-নির্ধারক ও কূটনীতিকদের উপস্থিতিতে তিনি সরকারের রূপরেখা তুলে ধরেন।
মির্জা ফখরুল জানান, অর্থনীতি পুনর্গঠন, নতুন বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং খাতে গতিশীলতা ফেরাতে সরকার কাজ শুরু করেছে। গ্রামীণ অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে বিশেষ উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক বাজেটে শিল্পায়ন ও কৃষি খাতের অগ্রগতিতে বিশেষ জোর দেওয়া হয়েছে।
গণতান্ত্রিক সংস্কারের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবিধানিক সংস্কারে ঐকমত্য তৈরির উদ্যোগ চলছে। একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ততা ও দেশবাসীর সাহসে ভর করে একটি উন্নত ও মর্যাদাপূর্ণ নতুন বাংলাদেশ গড়ে উঠবে।


