৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এই ফলাফল পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট এবং টেলিটক এসএমএসের মাধ্যমে জানা যাচ্ছে।

কমিশনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ফল প্রকাশের তারিখ ৩০ জুলাই নির্ধারিত থাকলেও নির্ধারিত সময়ের সাত দিন আগেই এটি প্রকাশ করল সংস্থাটি। পরিকল্পনা অনুযায়ী, উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে আগামী ১০ আগস্ট থেকে। ৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার পদে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন স্বাস্থ্য ক্যাডারে, ২০০ জন প্রশাসন ক্যাডারে এবং ১১৭ জন পুলিশ ক্যাডারে নিয়োগ পাবেন।

তবে পিএসসি পরীক্ষার গতি বাড়ালেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার ধীরগতির কারণে পুরো নিয়োগ প্রক্রিয়ার সুফল ব্যাহত হচ্ছে। আগের ৪৫, ৪৬ ও ৪৯তম বিসিএসের চূড়ান্ত সুপারিশের আট মাস পার হলেও ভেরিফিকেশন জট খোলেনি, যার ফলে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা এখনো চাকরিতে যোগ দিতে পারেননি। একদিকে পিএসসি দ্রুততার সাথে পরীক্ষা ও ফল প্রকাশ শেষ করলেও অন্যদিকে মন্ত্রণালয়ের নোফেল ও দীর্ঘসূত্রতায় ঝুলে থাকছে হাজারো চাকরিপ্রার্থীর চূড়ান্ত নিয়োগ।