ঢাকা
২২ জুলাই ২০২৬
শিরোনাম
Advertise with us

মোদির বাসভবনের সামনে কংগ্রেসের শীর্ষ নেতারা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ১ বার পঠিত
মোদির বাসভবনের সামনে কংগ্রেসের শীর্ষ নেতারা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ধরনায় কংগ্রেসের শীর্ষ নেতারা  ছবি: -সংগৃহীত

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে তাঁর সরকারি বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কে সি বেনুগোপালসহ বিরোধী দলগুলোর জ্যেষ্ঠ নেতারা হঠাৎ ধরনায় বসে পড়েন।

কংগ্রেস নেতাদের এই আকস্মিক পদক্ষেপে নিরাপত্তাকর্মীরা হতচকিত হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত লোক কল্যাণ মার্গে জড়ো হন অসংখ্য নেতাকর্মী। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ক্ষুব্ধ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ‘ইন্ডিয়া’ জোটের শরিক এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে ও বিশিষ্ট আন্দোলনকর্মী যোগেন্দ্র যাদবও এই ধরনায় যোগ দেন।

পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জিতেন্দ্র সিং ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। মন্ত্রী আগামীকাল বুধবার বিষয়টি নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব দিলেও কংগ্রেস নেতারা তাঁদের দাবিতে অনড় থাকেন। কংগ্রেসের সংসদ সদস্য সৈয়দ নাসির হুসেন জানান, নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চান তাঁরা।

বিকেল চারটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ রাহুল গান্ধী লেখেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলা প্রতিটি ভারতীয় পরিবারের ওপর আঘাত। দেশের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ ধ্বংস করার অপরাধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’ পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আরেকটি বার্তায় তিনি দেশের সুবিচারকামী মানুষকে এ ধরনায় যোগ দেওয়ার আহ্বান জানান।

বিজেপি নেতারা অভিযোগ করেন, এ ধরনার কারণে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে কংগ্রেস নেতা মনিক্কম টেগোর বলেন, এটি একটি সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন। সংসদ সদস্যরা জানান, গতকাল এই বিষয়ে স্পিকারের কাছে আলোচনার দাবি জানিয়ে কাজ না হওয়ায় প্রধানমন্ত্রীকে জবাবদিহির মুখোমুখি করতেই নেতারা তাঁর বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সোমবার (২০ জুলাই) ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ডাকে হাজার হাজার শিক্ষার্থী যন্তর মন্তরে জড়ো হয়ে সংসদ অভিমুখে যাত্রা করেন। সে সময় নিরাপত্তাকর্মীরা তাঁদের ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিপেটা করে। সেই ঘটনার সূত্র ধরেই বিরোধী নেতারা এই কঠোর কর্মসূচির পথ বেছে নিয়েছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa