ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সুনামগঞ্জের সীমান্ত এলাকায় মানব পাচারকারীসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাতে জেলার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান চালায়। এ সময় ভারত থেকে বাংলাদেশে আসা ছয়জনকে আটক করা হয়। তাদের দেশে প্রবেশে সহযোগিতার অভিযোগে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকেও আটক করা হয়।
বিজিবি প্রাথমিকভাবে জানিয়েছে, ছয়জনের মধ্যে দুজন গোপালগঞ্জ এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে কাজ করছিলেন।
২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঢাকাপোস্টকে বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ভারতে অবস্থান করে কাজ করছিলেন বলে জানা গেছে। তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের সহযোগিতার অভিযোগে একজন মানব পাচারকারীকেও আটক করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।





মন্তব্য করুন