ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা গ্রামে রাতের অন্ধকারে আকাশে উড়ছে রহস্যময় ড্রোন, আর ভোরের আলো ফুটতেই শোনা যাচ্ছে বড় ধরনের চুরি ও ডাকাতির খবর। চুরি-ডাকাতির মতো অপরাধে আধুনিক এই প্রযুক্তির ব্যবহারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানায়, বাঙ্গুরা গ্রামে গত সম্প্রতি সময়ে গত দুই সপ্তাহে বেশকিছু বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। দেখা গেছে, যে রাতে আকাশে ড্রোন উড়েছে, সে রাতেই কোন না কোন বাড়িতে চুরি-ডাকাতি হয়েছে। এমন পরিস্থিতিতে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন গ্রামবাসী। রাতের আকাশে ড্রোনের আনাগোনা এবং ভোরবেলায় ডাকাতির ঘটনার খবর সব মিলিয়ে এলাকায় বিরাজ করছে আতঙ্ক ও উৎকণ্ঠা। কে বা কারা, কী উদ্দেশ্যে রাতের আঁধারে ড্রোন ওড়াচ্ছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ অবস্থায় বাঙ্গরা গ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, রাতের টহল জোরদার এবং ড্রোন ওড়ানোর বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ইদানীং স্থানীয়দের মধ্যে ড্রোন আতঙ্ক দেখা দিয়েছে। কারণ ড্রোন উড়লেই আশপাশে কারো না কারো বাড়িতে চুরি-ডাকাতি হচ্ছে।
শাওন আহমেদ নামে এক যুবক জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ড্রোনের সংখ্যা বাড়ে। পরদিন শোনা যায় কারো না কারো বাড়িতে চুরি-ডাকাতি হচ্ছে। তাই বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছে না গ্রামবাসী।
মাহাবুব রহমান আলম নামে একজন জানান, গত দুইদিন আগে রাতে অপরিচিত কয়েকজন জমায়েত হয়েছিল, গ্রামবাসীর ধাওয়ায় তারা পালিয়ে যায়। গতকাল আবার দুইজনকে রাতের আঁধারে ড্রোন ওড়াতে দেখেছে আমার ছেলে, সে স্থানীয়দের খবর দিতে আসলে এই সুযোগে তারা পালিয়ে যায়।
এই বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, সেই গ্রামে চুরি-ডাকাতি হয়েছে এমন কোন তথ্য আমার জানা নেই, যদি হয়েও থাকে কেউ অভিযোগ দেয়নি। স্থানীয়রা সন্দেহ করে লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছে। তারা ভয় পাচ্ছে। গ্রামটি কুমিল্লার পাশে। আমি নম্বর দিয়ে এসেছি, যেন কোন সমস্যা হলে কল দেয়।





মন্তব্য করুন