নড়াইলে এক তরুণীকে চার দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, গত ৪ নভেম্বর তাকে কৌশলে একটি ফাঁকা বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। সেখানে ভয় দেখিয়ে ধর্ষণ করেন এক আসামি। পরদিন তাকে অন্য আসামির বাড়িতে নেওয়া হয়। সেখানেও ধর্ষণের শিকার হন তিনি।

আটক অবস্থা থেকে বেরিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নড়াইল সদর থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলার পর অভিযুক্তসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে আদালতে অপরাধ স্বীকার করে দুজন জবানবন্দিও দিয়েছেন।

গ্রেফতাররা হলেন- নড়াইল সদর উপজেলার আল আমিন শেখ ওরফে সাব্বির (২২) ও নূরনবি মোল্যা। অন্য আসামি মো. বিপ্লব পলাতক।

মামলার এজাহারে ওই তরুণী অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে ৪ নভেম্বর বিকেলে তিনি নিজ বাড়ি থেকে বের হন। সঙ্গে টাকা না থাকায় তিনি বড় ভাইয়ের বন্ধুকে ফোন করেন। সহায়তা করার কথা বলে তিনি কৌশলে তাকে আরেকজনের (মামলার আসামি) ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে রাতে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরদিন রাতে তাকে আরেকজনের (আরেক আসামি) বাড়িতে নেওয়া হয়। সেখানেও তাকে ধর্ষণ করা হয়।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু মামলার এজাহারের বিবরণ থেকে জানান, ওই তরুণী একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ৬ নভেম্বর সন্ধ্যার পর তিনি কৌশলে একজনের মুঠোফোন থেকে ঘটনাটি তার ভাইকে জানান। এরপর ৮ নভেম্বর মধ্যরাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।

তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামি জবানবন্দি দিয়েছেন বলেনও জানান এই কর্মকর্তা।