রাজধানীতে ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে নিজেদের ঘরবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।। পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি জানিয়েছেন, রাজধানীতে মশার বংশবিস্তার রোধে পরিচালিত বিভিন্ন অভিযানে ডেঙ্গুবাহী এডিস মশার অর্ধেকের বেশি লার্ভা পাওয়া যাচ্ছে বাসাবাড়ির ঠিক আশপাশেই।
তিনি বলেন, জরিপে দেখা গেছে এডিস মশার প্রায় ৫০ শতাংশ লার্ভা পাওয়া গেছে বসতবাড়ির আশপাশের বিভিন্ন স্থানে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে ডিএসসিসি ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। গত মার্চ ও অক্টোবর মাসে পরিচালিত জরিপের তুলনামূলক চিত্রে দেখা গেছে, বিশেষ কার্যক্রমের ফলে আগের ঝুঁকিপূর্ণ কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জরিপে দেখা গেছে প্রায় ৫০ শতাংশ এডিস মশার লার্ভা বসতবাড়ির আশপাশের বিভিন্ন স্থানে পাওয়া গেছে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ ও মসজিদে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। তবে শুধু প্রচারণার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন ও এসির পানি জমার স্থানসহ কোথাও যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে।
আবদুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের ৫০ শতাংশ এবং নাগরিকদের ৫০ শতাংশ দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার, সিটি করপোরেশন, সামাজিক সংগঠন ও নাগরিকদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনকে জনসচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগে ডিএসসিসি সহযোগী হিসেবে পাশে থাকবে।
সেমিনারে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দেন। এ লক্ষ্যে প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তারা।
‘বাংলাদেশে ডেঙ্গুর বর্তমান প্রবণতা: জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিরোধ ও উদ্ভাবনী মশক নিয়ন্ত্রণ’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম।
এতে বিশেষ অতিথি ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। সেমিনারে মশার জীবনচক্র ও মশক নিয়ন্ত্রণ বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট ড. শফিউল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) সিনিয়র এন্টোমোলজিস্ট (পিআরএল) মো. রেজাউল করিম খান।
অনুষ্ঠানে ডিএসসিসির সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





মন্তব্য করুন