মাত্র এক ঘণ্টার ব্যবধানে নাটোরের বাগাতিপাড়ায় শিয়ালের আক্রমণে ১১ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

আহতদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত ১১ জনের মধ্যে দুজন নারী ও নয়জন পুরুষ। তারা বাগাতিপাড়া পৌরসভার ঘোরলাজ, নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল ও পেড়াবাড়িয়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শামুন আল হাসান সৌমিক জানান, বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শিয়ালের কামড়ে আহত প্রথম ব্যক্তি হাসপাতালে আসেন। এরপর প্রায় এক ঘণ্টার মধ্যে মোট ১১ জন চিকিৎসা নেন। শিয়ালের কামড়ে আহত হলে ক্ষতস্থান সাবান ও প্রবহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি হাসপাতালে জলাতঙ্কের টিকা পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান এই চিকিৎসক।

এদিকে শিয়ালের আক্রমণের খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম বলেন, শিয়ালের কামড়ে একাধিক ব্যক্তি আহত হওয়ার বিষয়টি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। রাজশাহী থেকে বিশেষজ্ঞ দল এসে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া স্থানীয়ভাবে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক ও সচেতন করা হচ্ছে।