পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে পাহাড়ি পথ থেকে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বড় অংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী।
শনিবার রাতে সাঁও ফিলিপ শহরে ফেরার পথে পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস জানায়, ৩২ জন আরোহী নিয়ে চালক গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় বাসচালকও মারা গেছেন।
খবর পেয়ে উদ্ধারকারীরা আহতদের ফোগো দ্বীপের সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।





মন্তব্য করুন