ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রতারণার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক ভারতের কারাগারে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি রাজধানীর বাড্ডায় ফার্নিচার কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও কারবার: মিসরে জনপ্রিয় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়ার শপথ গ্রহণ আজ দৌলতপুরে অস্ত্র ও বিস্ফোরকসহ আটক ১, উদ্ধার বিদেশি পিস্তল ও ককটেল বাড়ছে সংঘাত, হরমুজে জাহাজে আবারও পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্র-ইরানের ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬ রাষ্ট্রপতি হয়ে প্রথমবার নিজ জেলায় যাচ্ছেন মির্জা ফখরুল কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ২২ জনের মৃত্যু
Advertise with us

ভারতের কারাগারে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
ভারতের কারাগারে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

ছবি: -প্রতিনিধি

ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘ সময় কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন চার পুরুষ, তিন নারী ও দুই শিশুসহ মোট নয়জন বাংলাদেশি নাগরিক।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ভারতের হরিদাসপুর ব্যুরো অব ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করে। হরিদাসপুরের পেট্রাপোল-বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, বিএসএফ এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশে ফেরা ৯ বাংলাদেশি হলেন- নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামের শহীদ মল্লিকের মেয়ে মুক্তা ওরফে মুক্তা খানম, একই জেলার নড়াগাতী থানার মূলখানা (কালবাড়িয়া) গ্রামের ইমরান শিকদারের মেয়ে খাদিজা ও আয়েশা, কালিয়া উপজেলার কুলশুর গ্রামের শহীদ মল্লিক ওরফে সৈয়দ মল্লিকের স্ত্রী জাহানারা বেগম ও মেয়ে রুকসানা। এ ছাড়া বরিশালের উজিরপুর উপজেলার কুরুলিয়া (ওয়ার্ড-১) গ্রামের খগেন্দ্রনাথ মন্ডলের ছেলে তাপস মন্ডল, রাজবাড়ী সদর উপজেলার সিঙ্গা গ্রামের নিজাম মোল্লার ছেলে আশিক মোল্লা ওরফে আশাক মোল্লা, খুলনার কয়রা উপজেলার উত্তর মঠবাড়ী (মহারাজপুর) গ্রামের মৃত সন্তোষ সরকারের ছেলে তন্ময় সরকার এবং পাইকগাছা উপজেলার সারংখালী গ্রামের বিধান চন্দ্র বাছারের ছেলে রামকৃষ্ণ বাছার।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ওমর ফারুক আকান্দ সই করা ভ্রমণ পরোয়ানার ভিত্তিতে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের হস্তান্তরপত্রে বলা হয়েছে, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা থেকে গত ২৪ আগস্ট ইস্যু করা ট্রাভেল পারমিট এবং ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), হায়দ্রাবাদ থেকে ইস্যু করা এক্সিট পারমিটের ভিত্তিতে তাদের প্রত্যাবাসন করা হয়েছে।

বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে ভালো কাজের প্রলোভনে পড়ে দালালদের মাধ্যমে সীমান্ত পেরিয়ে তারা ভারতে যান। পরে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠান। দীর্ঘ ১৬ মাস সাজাভোগ শেষে তাদের কলকাতার দমদম সেল্টার হোমে রাখা হয়েছিল।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান বলেন, প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে। পরে সংস্থাগুলোর সহযোগিতায় তাদের পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, দালালদের মাধ্যমে বিভিন্ন প্রলোভনে পড়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে আটক হওয়ার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সাজাভোগ শেষে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফেরত আসা ৯ জনের মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ার ৫জন এবং রাইটস যশোর ৪জনকে গ্রহণ করছেন। আইনগত প্রক্রিয়া শেষে এনজিওগুলোর সহযোগিতায় তাদের দ্রুত পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa