https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। হালনাগাদকৃত এই তালিকার সকল ভোটারই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে তথ্য তুলে ধরেন। তিনি জানান, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের সবাইকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে ৯ আগস্ট প্রকাশিত খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। পরবর্তীতে দাবি-আপত্তি নিষ্পত্তি প্রক্রিয়া শেষে মোট ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন নতুন ভোটার চূড়ান্ত তালিকায় যুক্ত হন। ইসি সূত্রে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে গেলে সম্পূরক তালিকার মাধ্যমে বাদ পড়া যোগ্যদের যুক্ত করার বিধান রয়েছে।
ভোটার তালিকা আইন, ২০০৯ অনুসরণ করে পুরো কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। খসড়া প্রকাশের পর তথ্য সংশোধন, দাবি ও আপত্তি জমা নেওয়ার প্রক্রিয়া ২৭ আগস্ট নিষ্পত্তি হয় এবং ২৮ আগস্ট তা খসড়ায় সংযুক্ত করে সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশন আগামী সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পরিকল্পনা করছে। সে অনুযায়ী আগামী নভেম্বর মাস থেকে প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


