যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের জবাবে এবার মার্কিন পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। ইস্পাত, আসবাব, প্রক্রিয়াজাত খাদ্য ও পোশাকসহ প্রায় ২৮ বিলিয়ন কানাডীয় ডলার মূল্যের প্রায় ৯০০টি মার্কিন পণ্য এই তালিকার অন্তর্ভুক্ত।
কানাডার কর্মকর্তারা মঙ্গলবার জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের সমপরিমাণ ও সামঞ্জস্য রেখে তাদের এই তালিকা প্রস্তুত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী নতুন এই পাল্টা শুল্ক আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
গত সপ্তাহের শেষদিকে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর এই বাণিজ্যিক উত্তেজনার সৃষ্টি হয়। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে শেষ মুহূর্তে ‘অযৌক্তিক’ দাবি তোলার অভিযোগ এনেছে।
কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন জানান, বাণিজ্য বার্তা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসন কানাডীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তারই জবাবে কানাডার এই কঠোর পদক্ষেপ। শ্যাম্পেন মন্তব্য করেন, ‘যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কানাডার শ্রমিক, ব্যবসা ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। তাই কানাডাকে অত্যন্ত কৌশলগত ও সমানুপাতিক জবাব দিতে হয়েছে।’
পাল্টাপাল্টি এই শুল্ক যুদ্ধে ক্ষতিগ্রস্ত কানাডীয় প্রতিষ্ঠান ও শ্রমিকদের সহায়তায় আরও ৭ দশমিক ৫ বিলিয়ন কানাডীয় ডলার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে দেশটি। এই অর্থ কর্মসংস্থান ধরে রাখা ও ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলোকে টিকিয়ে রাখতে ব্যবহার করা হবে।
দীর্ঘদিনের ঘনিষ্ঠ দুই বাণিজ্য সহযোগীর মধ্যে এমন সংঘাত কয়েক দশক ধরে গড়ে ওঠা সরবরাহব্যবস্থার ক্ষতি করবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে পণ্য উৎপাদন খরচ বাড়বে এবং সার্বিকভাবে ছোট-বড় ব্যবসা ও সাধারণ ভোক্তাদের ওপর মারাত্মক প্রভাব পড়বে। অবশ্য জনমত জরিপে যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে সরকারের এমন শক্ত অবস্থানের পক্ষে অধিকাংশ কানাডীয় নাগরিক সমর্থন জানিয়েছেন।
এদিকে কানাডার ঘোষণার পর হোয়াইট হাউস দাবি করেছে, ওয়াশিংটন আলোচনায় কানাডাকে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি বাজার সুবিধা দিতে চেয়েছিল; কিন্তু কানাডা অযৌক্তিক অবস্থান নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কানাডার তীব্র সমালোচনা করে বলেন, দেশটি এতদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘অন্যায্য সুবিধা’ নিয়েছে। এমনকি আগামী ১ জানুয়ারি থেকে কানাডীয় গাড়ির ওপর ৫০ শতাংশ শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন তিনি। জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অভিযোগ করেন, ট্রাম্প কানাডার অটোমোবাইল, ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্পকে ধ্বংস করতে চান।
রাজনৈতিক কথার লড়াই তীব্র হলেও মঙ্গলবার উভয় দেশের কয়েকজন কর্মকর্তা পুনরায় আলোচনা শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড জানান, তিনি উভয় দেশের জন্যই লাভজনক এমন একটি চুক্তি চান।
কানাডার প্রকাশিত তালিকা অনুযায়ী—ইস্পাত, অ্যালুমিনিয়াম, মধু, আসবাব, প্রসাধনী ও পোশাকের ওপর ৫০ শতাংশ শুল্ক বসবে। এছাড়া ডিশওয়াশার, ওয়াশিং মেশিন, দুগ্ধজাত পণ্য ও সামুদ্রিক মাছের ওপর ২৫ শতাংশ এবং ফর্কলিফট ও এয়ারকন্ডিশনারের ওপর ১৫ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। কানাডা জানিয়েছে, অভ্যন্তরীণ বাজারে সংকট এড়াতে যেসব মার্কিন পণ্য সহজেই অন্য বিকল্প দেশ থেকে আমদানি করা সম্ভব, কেবল সেগুলোর ওপরই এই শুল্ক বসানো হয়েছে।
সূত্র: বিবিসি





মন্তব্য করুন