কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাহিদামতো সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা এক ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি (১৯৭ বস্তা) ইউরিয়া সার নিয়ে গেছেন। রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ‘মেসার্স শাহ আমানত ট্রেডার্স’ নামের একটি ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ওই ডিলারের অনুকূলে পর্যাপ্ত পরিমাণ সার বরাদ্দ থাকা সত্ত্বেও তিনি কৃষকদের কাছে সার বিক্রি না করে নানা অজুহাতে ঘোরাচ্ছিলেন। ওই ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা হলেও বরাদ্দ মেলে ১ হাজার ৩২০ বস্তা। এর মধ্যে ডিলারের গুদামে মাত্র ৩৪০ বস্তা সার মজুত ছিল। সকালে সারের আশায় প্রায় দুই শতাধিক কৃষক ডিলার পয়েন্টে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। পরে দোকান না খোলায় একপর্যায়ে বাধ্য হয়ে তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং সার নিয়ে যান।

সংবাদ পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুদামে থাকা অবশিষ্ট সার রক্ষা করে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, কৃষকদের মধ্যে সার না পাওয়ার তীব্র শঙ্কা তৈরি হওয়ায় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। কৃষকেরা মোট ১৯৭ বস্তা সার নিয়ে গেলেও পুলিশের তৎপরতায় ইতোমধ্যে ৩৩ বস্তা সার ফেরত পাওয়া গেছে। বাকি সারগুলো উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।