https://asia24.tv


ছবি: -সংগৃহীত
কক্সবাজার থেকে ঢাকাগামী ‘আইকন পরিবহন’-এর একটি চলন্ত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার কলঘর এন আলম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। চালক ও সহকারীর পলায়নের পর স্থানীয়দের সাহসিকতায় বাসের ২৫-৩০ জন যাত্রী অলৌকিকভাবে প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন।
যাত্রীদের অভিযোগ, বাসের ভেতর পোড়া গন্ধ ও ধোঁয়া ছড়িয়ে পড়লেও চালক বা সহকারী তাদের সতর্ক না করে নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে যান। বাসে আগুন ধরে গেলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে বাসের জানালার কাচ ভেঙে ভেতরে আটকে পড়া সব যাত্রীকে নিরাপদে বাইরে বের করে আনেন।
ঘটনার খবর পেয়ে কাছেই দায়িত্বরত হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় পুলিশ যাত্রীদের মালামাল উদ্ধার করে এবং পরে একই পরিবহনের বিকল্প বাসে তাদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। রামু ফায়ার সার্ভিসের মতে, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণেই এ আগুনের সূত্রপাত হয়েছে। রামু থানার ওসি জানান, উদ্ধার পেতে সামান্য দেরি হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত।
উল্লেখ্য, এর আগে ১৭ আগস্ট কুমিল্লার ইলিওটগঞ্জে কক্সবাজারগামী আরেকটি বাসে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটলেও সেটিতেও যাত্রীরা অক্ষত অবস্থায় বেঁচে ফিরতে সক্ষম হয়েছিলেন।


