https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরাঞ্চলীয় উপকণ্ঠে একটি স্কুলে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। হামলার পর ওই শিক্ষার্থী নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার নন্তাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন নন্তাবুরি স্কুলে এ ঘটনা ঘটে।
নন্তাবুরি প্রাদেশিক পুলিশ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচরাপি কোংদি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামলায় এক শিক্ষক নিহত হয়েছেন। আহত চারজনের মধ্যে একজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী রয়েছেন।
তবে হামলাকারী শিক্ষার্থীর পরিচয় এবং হামলার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর স্কুল প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রকাশিত ছবিতে আতঙ্কিত শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গণ থেকে সারিবদ্ধভাবে বেরিয়ে যেতে দেখা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে দেবসিরিন নন্তাবুরি স্কুলে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী এবং ১৪৭ জন শিক্ষক ছিলেন।
থাইল্যান্ডে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা এর আগেও ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলের হাত ইয়াই জেলায় একটি স্কুলে বন্দুক হামলায় এক শিক্ষক নিহত এবং এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিল।
নন্তাবুরির সর্বশেষ এই হামলার ঘটনায় দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: সিএনএন ও রয়টার্স


