রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পরপর দুইদিন পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রে হামলা চালিয়েছে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত।
এ সময় তারা কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ ও তিন রাউন্ড গুলি ছোড়েন। তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত দুইটার দিকে মতিহার থানার আওতাধীন খড়খড়ি এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রের অভিযোগ কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কার্যালয়ে প্রবেশ করে গানপাউডার ছিটিয়ে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন এবং তিন রাউন্ড গুলি ছোড়েন। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয় এবং চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে।
হামলায় উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় সেখানে দায়িত্ব পালনরত লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার পর ওই উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল। তিনি জানান, আগেরদিনের ঘটনার পর কার্যালয়ের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছিল। এ ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে এবং নিজস্ব নিরাপত্তার জন্য লোকবল বাড়ানো হয়েছে। প্রথমদিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও নিরাপত্তা ও টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।
সপ্তর্ষি পাল বলেন, ‘আগের দিনও একই ধরনের ঘটনা ঘটেছিল। এরপর আমরা নিরাপত্তার বিষয়ে সচেতন হয়েছি এবং থানায় এফআইআর করেছি। প্রথম দিন দুজন নিজস্ব লোকবল রাখা হয়েছিল, পরদিন তা বাড়িয়ে চারজন করা হয়। পুলিশ প্রশাসনকেও ডিউটি বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছিল। ঘটনার সময় আমাদের লোকজন পাহারায় ছিলেন। পুলিশকে খবর দেওয়ার পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপরও দুর্বৃত্তরা খুব অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যান।’
নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, পরপর দু’দিন হামলার ঘটনায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে হামলাকারীদের মুখ বাঁধা ছিল বলে জানা গেছে।
তিনি আরও বলেন, ‘খড়খড়ি কার্যালয়ে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত ঢুকে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে আমাদের স্টাফরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। আগের দিনও হামলার ঘটনা ঘটেছে। পরপর দুইদিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমরা এখন নিরাপদ বোধ করছি না। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথম দিন পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। এ কারণে দ্বিতীয় দিন আবার হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।





মন্তব্য করুন