ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং পরস্পরের যোগসাজশে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের এক নির্বাহী প্রকৌশলীসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৭ অক্টোবর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-পরিচালক মো. রিয়াজ হোসেন।
মামলার আসামিরা হলেন, নগরীর পূর্ব মাদারবাড়ি ৬৪ দারোগাহাট রোডের মৃত তবারক উল্লাহর স্ত্রী ফাতেমা বেগম (৯০), তার ছেলে মেসার্স কনকর্ড ট্রেডিং কোং নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ফরিদ আহমদ (৫৩), মোহাম্মদ ফয়েজ আহমদ (৬১), আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম হোসেন (৩৯), তিন মেয়ে হাসিনা মমতাজ (৬০), রোকেয়া সুলতানা (৫৭), শাহীন সুলতানা (৫০) এবং বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম (৪৬)।
ঘটনার সময় তিনি চট্টগ্রাম গণপূর্ত উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে পদায়িত ছিলেন।
মামলায় পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র সৃজন করে তা খাঁটি হিসেবে ব্যবহার করে সরকারি খাসের ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি আত্মসাৎ করে। সরকারি ওই জমির বাজারমূল্য ১৭ কোটি ১২ লাখ ৬৩ হাজার ১৪০ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়।
জালিয়াতি হওয়া জমিটি চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার গোঁসাইলডাঙা মৌজায় অবস্থিত, জে এল নং-১৬। ২৪ দশমিক ৯৬ শতকের ওই প্লটটি ১৯৫৮ সালে মেসার্স এসজেএন্ডজি ফজলে এলাহী লিমিটেডকে ৯৯ বছরের জন্য লিজ দেন ওই সময়ের সরকারি প্রতিষ্ঠান চিটাগাং টাউন প্লানিং কমিটি।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠানটি বাংলাদেশ ত্যাগ করলে এটি অর্পিত সম্পত্তি হিসেবে সরকার আয়ত্বে নেয়। পরবর্তীতে ২০০২ সালে মামলার আসামি কনকর্ড ট্রেডিংয়ের পক্ষে ফরিদ আহমদ ও তার বোন হাসিনা মমতাজ পুরোভবন ও জমি ভাড়া লিজ নেয়। পরে ফরিদ আহমদের মা ফাতেমা বেগমের নামে জাল দলিল বানিয়ে জমিটি আত্মসাৎ করা হয়।
বর্তমানে ভবনের বাজারদরে ভাড়াসহ সাকুল্যে ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
এ অপরাধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।





মন্তব্য করুন