স্বল্প সময়ের ব্যবধানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশের একই স্থানে পরপর ২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক বাসযাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ষোলঘর ভূঁইচিত্র এলাকায় দুর্ঘটনা ২টি ঘটে।

নিহত মো. আসলাম হোসেন (৪০) ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহত মো. নজরুল ইসলাম (৪৭) পটুয়াখালীর মীরজাগঞ্জ এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ষোলঘর ভূঁইচিত্র এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিয়েছে। এতে মোটরসাইকেল আরোহী আসলাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

এর কিছুক্ষণ পর একই লেনে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দুর্ঘটনার পরিস্থিতি দেখতে সামনে থাকা যাত্রীবাহী লিটন ট্রাভেলস গতি কমিয়ে ব্রেক করে। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে সজোরে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের এক যাত্রী আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের ২টি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত বাসযাত্রীকে অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।