বাড়ির মাটির নিচে অভিনব কায়দায় পুঁতে রাখা ১৫টি ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ভয়াবহ বিস্ফোরণের তীব্রতায় ঘরবাড়ির দেয়াল ধসে পড়ার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও পুরো এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে  বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি দেয়াল ধসে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া গ্রামে স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ আলীর ছেলে মো. ইয়াহিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বিজিবি সূত্রে জানা যায়, আজ সোমবার আনুমানিক রাত ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দা মো. ইয়াহিয়ার লাকড়ির ঘরে মাটির নিচে পুঁতে রাখা আনুমানিক ১০ থেকে ১৫টি ককটেল একযোগে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া ঘটনার পরপরই বাড়ির লোকজন সপরিবারে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা জহুরপুরটেক বিওপিতে খবর দিলে রাত পৌনে নয়টার দিকে বিজিবির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে বিজিবি পৌঁছানোর আগেই আলামত নষ্ট কিংবা উধাও হয়ে যাওয়ায় ঘটনাস্থলে কোনো ধরণের আলামত পাওয়া যায়নি বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, মজুদ করা ১০ থেকে ১৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে। আমরা তদন্ত করছি এবং আইনি পদক্ষেপ চলমান আছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। একপাশের দেওয়াল ও টিনের চাল ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি এবং সেই বাড়ির লোকজন পলাতক রয়েছে।