আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি এবং এর গুণগত মান সরেজমিনে যাচাই করতে মধ্যরাতে রাজধানীর ছয়টি প্রিন্টিং প্রেস আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর এই আকস্মিক পরিদর্শনে যান তিনি।

পরিদর্শন করা প্রেসগুলো হলো- মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই করতে পূর্বঘোষণা ছাড়াই ঢাকার ছয়টি প্রেস পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরিদর্শনের সময় তিনি পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী বইয়ের কাগজের মান, ছাপার গুণগত মান এবং ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন শিক্ষামন্ত্রী।