দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেটেলারদের (অবৈধ বসতি স্থাপনকারী) সহিংসতা আবারও চরম আকার ধারণ করেছে। গভীর রাতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরবাড়ির ভেতরে অবরুদ্ধ করে রেখে আগুন দেওয়ার মতো এক লোমহর্ষক ও বর্বরোচিত ঘটনা ঘটেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের আল-মুগাইর গ্রামে রাতভর তাণ্ডব চালিয়েছে তারা। তারা ফিলিস্তিনিদের একটি ঘরে মোলোটভ ককটেল নিক্ষেপ করে। এ সময় ওই ঘরে থাকা ফিলিস্তিনিরা ঘুমিয়ে ছিলেন।
মোলোটভ ককটেলটি নিক্ষেপ করার পর তাদের ঘরের ভেতর আগুন ধরে যায়।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই সেটেলার সন্ত্রাসীরা মোলোটভ ককটেলে আগুন ধরিয়ে ঘরের জানালা দিয়ে ভেতরে এটি নিক্ষেপ করে। এরপর ঘরে থাকা ফিলিস্তিনিরা তাদের জীবন বাঁচাতে ওই আগুন নেভানোর চেষ্টা করতে থাকে।
এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
তবে ওই একই সময় বাড়ির বাইরে পার্ক করে রাখা গাড়িতে আগুন দেয় ইসরায়েলি সন্ত্রাসীরা।
ইহাব হাসান নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে হামলার ব্যাপারে বলা হয়েছে, “কয়েক ডজন ইসরায়েলি সেটেলার সন্ত্রাসী পশ্চিমতীরের আল-মুগাইর গ্রামে হামলা চালিয়েছে। তারা ঘর ও বাড়িতে আগুন দিয়েছে।”
তিনি আরও লিখেছেন, “ফিলিস্তিনি একটি পরিবারকে জীবন্ত পুড়িয়ে হত্যা করতে সন্ত্রাসীরা ঘরের ভেতর মলোটভ ককটেল নিক্ষেপ করেছে।”
২০২৩ সালের পর থেকেই পশ্চিমতীরে সেটেলারদের তাণ্ডব বৃদ্ধি পেয়েছে। তারা প্রায় প্রতি রাতে ফিলিস্তিনিদের গ্রামে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ করছে। রাতের বেলা নৃশংসতা চালানোর পাশাপাশি দিনের বেলায়ও একই কাজে লিপ্ত হচ্ছে তারা। ফিলিস্তিনিদের ওপর হামলা চালালেও ইসরায়েলি সেনা বা পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। অনেক সময় তারা নিজেরাও এসব হামলায় সহায়তা করে।
সূত্র: টাইমস অব ইসরায়েল





মন্তব্য করুন