ফেনী শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ৩৮ কিশোরকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ২৫ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আটক অন্যদের অভিভাবকদেরও থানায় আসতে বলা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ফেনী মডেল থানা পুলিশ এ অভিযান চালায়।
না সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও কিশোরদের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ বাড়ায় শহরের বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রাজনন্দিনী দিঘি, পেট্রোবাংলা, একাডেমি, মাস্টারপাড়া ও নাজিররোড এলাকায় অভিযান চালানো হয়। এসব স্থান থেকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা ৩৮ কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়। তাদের প্রায় সবার বয়স ১৬ থেকে ২২ বছরের মধ্যে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা কমাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। আটক ৩৮ জনের মধ্যে ২৫ জনের অভিভাবককে থানায় ডেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের অভিভাবকরা না এলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।





মন্তব্য করুন