ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী কয়েকটি গণমাধ্যম। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনীতি ও কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই গোপন সফর নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলি টিভি চ্যানেল ১২ ও কান এবং হারেৎজ ও জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছে, নেতানিয়াহু এক দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে যান এবং প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন।

তবে এ বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলার মধ্যেই নেতানিয়াহুর এই সফরের খবর সামনে এলো।

এর কয়েক সপ্তাহ আগে ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন। তবে নেতানিয়াহু সেই সতর্কবার্তা ইসরাইলের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে পৌঁছে দেননি বলে প্রতিবেদনে দাবি করা হয়।

নেতানিয়াহু ওই প্রতিবেদনটি অস্বীকার করেছেন।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডের আওতায় ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।