ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুদিন পর মিম (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকায় একটি পুকুর পাড়ের ঝোপে শিশুটির অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। নিহত মিম ওই এলাকার মিজান মিয়ার মেয়ে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, দুদিন আগে নানাবাড়ি যেতে মিম তার মায়ের সঙ্গে বাসা থেকে বের হয়ে যায়। তবে সে তার মা বের হওয়ার ১০ মিনিট আগে বের হয়। পরে তার মা তাকে আর খুঁজে পাননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সোমবার বিকেলে স্থানীয় একটি পুকুর পাড়ের ঝোপে মিমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
ওসি মোরশেদুল আলম বলেন, ঘটনাটি রহস্যজনক। তবে কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে।





মন্তব্য করুন