মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেনসড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান।

শনিবার (১৯সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাপানিয়া এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে । এ ঘটনায় তার সাত বছরের শিশুকন্যা রুমাইসা জামান আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় এবং তার সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মো. রাশেদুজ্জামান মহাদেবপুর-পত্নীতলা সাব ডিবিশন অফিসের দায়িত্বে ছিলেন। তিনি মহাদেবপুরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। নিহতের বিষয়টি রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মুঠোফোনে নওগাঁ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ থেকে একটি সিএনজিতে করে রাশেদুজ্জামানসহ আরও চারজন যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা নওগাঁ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ দুঘটনায় তার শিশু মেয়েসহ চারজন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, রাশেদুজ্জামান তার স্ত্রী ও মেয়েকে নিয়ে নওগাঁ শহর থেকে মহাদেবপুরে যাচ্ছিলেন। যাওয়ার পথে এই ঘটনা। এটা আমার জন্য খুব কষ্টদায়ক একটা বিষয়। এ ঘটনায় তার স্ত্রী এখন পর্যন্ত ভালো আছেন। তবে তার মেয়ে রুমাইসা জামান গুরুতর আহত হয়েছে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।