চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে সুনির্দিষ্ট মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমাদকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আইনের আওতায় আনা হয়।

 শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আধুনগর ইউনিয়নের হরিণা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আলী আহমাদ জুলাই-আগস্টের সহিংসতা ও হত্যা সংক্রান্ত একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে উসকানিমূলক কর্মকাণ্ড এবং আধুনগর ইউনিয়নে আওয়ামী লীগের মিছিল, সভা ও গোপন বৈঠকের পরিকল্পনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর আলী আহমাদকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলা ও অন্যান্য অভিযোগ যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় লোহাগাড়া থানায় দায়ের করা একটি মামলায় আলী আহমদ আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।