জয়পুরহাটে কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি ভর্তুকির সার পাচারের সময় হাতেনাতে ২০ বস্তা সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। তবে অভিযানের খবর টের পেয়ে অভিযুক্ত সার ডিলার দ্রুত পালিয়ে যান।

পরে জব্দ করা এসব সার নির্ধারিত সরকারি মূল্যে সাধারণ কৃষকদের মাঝে বিক্রি করে দেওয়া হয়।

 

জানা গেছে, জেলা এনএসআইয়ের (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার হওয়া সারগুলো স্থানীয় কৃষকদের কাছে ২৫ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়।

জানা যায়, সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ও ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির বেশি মুনাফার আশায় সারগুলো গোপনে নওগাঁর ধামুইরহাটে পাচার করছিলেন।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ডিলার শাহীন কাদির ও অজ্ঞাত পরিবহনকারীরা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে এরই মধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।