ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) বা বৈদ্যুতিক গাড়ি আমদানির ওপর হঠাৎ নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের  ব্যবসায়ীরা।

বন্দরনগরীর বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তারা এই সিদ্ধান্তকে অবাস্তব ও ব্যবসাবান্ধব নয় বলে ক্ষোভ প্রকাশ করেন।

বৃহস্পতিবার দুপুরে নগরের লালখানবাজারে অবস্থান কর্মসূচি পালন করেন গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) নেতার।

এদেক বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে নগরের সবকটি গাড়ির শোরুম বন্ধ রয়েছে। একই সঙ্গে কোনো পেমেন্ট দেওয়া হচ্ছে না এবং বন্দর থেকে গাড়ি খালাসও নেওয়া হচ্ছে না।

বারভিডার নেতারা বলেন, সম্প্রতি প্রকাশিত আমদানি নীতিতে ব্যবহৃত বৈদ্যুতিক গাড়ি আনার সুযোগ রহিত করে মূলত পুরনো আদলেই নতুন প্রযুক্তির মোটরযান আমদানিকে উৎসাহিত করেছে সরকার। এতে পরিবেশবান্ধব গাড়ি আমদানি থমকে যাবে। পাশাপাশি গ্রাহকদেরও বঞ্চিত করা হচ্ছে।

তারা বলেন, রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানির সুযোগ বন্ধ হলে দেশের পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ বাধাগ্রস্ত হবে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ব্যবহৃত বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ বহাল রাখার দাবি জানান তারা।

ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, মানুষ যে গাড়ি পছন্দ করে, যে গাড়ি ব্যবহার করে স্বাচ্ছন্দ্যবোধ করে, তারা সে গাড়ি কিনুক। আমাদের তাতে আপত্তি নেই। তারা আমাদের কাছ থেকে গাড়ি না কিনলে আমরা ব্যবসা করব না। কিন্তু কোনো বিধিনিষেধের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ নষ্ট করার কোনো মানে হয় না। আমরা সরকারের বিপক্ষে যেতে চাই না।