রাজধানীর বনানী, বাড্ডা ও হাজারীবাগ এলাকা থেকে পৃথক ঘটনায় এক গৃহবধূসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—বনানীর রিকশাচালক সিরাজুল ইসলাম (৪৩), বাড্ডার গৃহবধূ চাঁদনী আক্তার (২৩) এবং হাজারীবাগের বেসরকারি চাকরিজীবী রাফসাদ মোস্তফা রুহিন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের জেরে মহাখালী কড়াইল জামাই বাজারের ভাড়া বাসায় নিজ কক্ষে গলায় ফাঁস দেন রিকশাচালক সিরাজুল ইসলাম। খবর পেয়ে বনানী থানা-পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। একই রাতে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণির একটি ভাড়া বাসা থেকে গৃহবধূ চাঁদনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে, বুধবার দুপুরে হাজারীবাগের ঝিগাতলার একটি বাসা থেকে বেসরকারি চাকরিজীবী রাফসাদ মোস্তফা রুহিনের ঝুলন্ত লাশ পাওয়া যায়। তিনি মেসে থেকে চাকরির পাশাপাশি টিউশনি করতেন। প্রেমঘটিত টানাপোড়েন থেকে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

উদ্ধারকৃত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ঘটনাগুলোর সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে পুলিশ। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাসমূহে পৃথক অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।