https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নাসীরুদ্দীন পাটওয়ারীকে দলটির সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় ও সমন্বয় সভায় এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়।
নির্বাচনী কৌশল নির্ধারণ এবং সার্বিক অর্গানাইজেশনাল প্রস্তুতি নিতে আয়োজিত এ সভায় নাহিদ ইসলাম নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জনদুর্ভোগ নিরসনে নাগরিক ইস্যু নিয়ে আন্দোলনের আহ্বান জানান। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোর পাশে থাকা ও তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির ওপর জোর দিয়ে এনসিপি প্রধান পতিত ও পলাতক আওয়ামী লীগের যে কোনো ধরনের নাশকতামূলক তৎপরতার প্রতি ওয়ার্ড পর্যায় থেকে কড়া নজরদারি এবং তা প্রতিরোধের নির্দেশনা দেন।
উক্ত মতবিনিময় সভায় মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের শীর্ষপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার এবং উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।


