https://asia24.tv


নিখোঁজ বিজিবি সদস্যের সন্ধানে ডুবুরিরা। ছবি: -সংগৃহীত
ভোলা সদর উপজেলায় মেঘনা নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় আকস্মিক মাটি ও জিওব্যাগ ধসে পড়ে নদীতে তলিয়ে গেছেন দুই যুবক। ধসের পর সঙ্গে থাকা তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও তীব্র স্রোতে ভেসে গিয়ে বিজিবি সদস্যসহ দুজন এখনও নিখোঁজ রয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাট সংলগ্ন বালুরমাঠ এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
নিখোঁজ দুই যুবক হলেন ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে মো. আমজাদ (২৬) এবং শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাবুলের ছেলে মো. রাকিব (১৮)। নিখোঁজ আমজাদ বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার বিকেলের পর পাঁচ বন্ধু মিলে মেঘনা নদীর পাড়ে ফেলা বালুভর্তি জিওব্যাগের ওপর বসে গল্প করছিলেন। সন্ধ্যার পর নদীভাঙনের কবলে পড়ে জিওব্যাগসহ পাড়ের একটি বড় অংশ হঠাৎ ধসে নদীতে পড়ে যায়। এতে উপস্থিত পাঁচজনই মুহূর্তে নদীতে নিক্ষিপ্ত হন। জোয়ার ও তীব্র স্রোতের মুখে তিনজন কোনোক্রমে সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব পানির তোড়ে তলিয়ে যান।
পরিবারের সদস্যরা জানান, আমজাদ দুই মাস আগে ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন এবং আগামী ১৯ সেপ্টেম্বর তাঁর কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। বিকেলে ঘুরতে বেরিয়ে রাতে মর্মান্তিক এই নিখোঁজের খবর পায় পরিবার। খবর পেয়ে স্বজনেরা নদীর পাড়ে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে রাকিবের পরিবারও তাঁর কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে।
ঘটনার পরপরই শিবপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মনজুর আলম বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা-পুলিশকে অবহিত করেন। এরপরই কোস্ট গার্ডের ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করেন। রাতে প্রতিকূল পরিবেশে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও তাঁদের কোনো সন্ধান মেলেনি।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দল পাঠানো হয়েছে। কোস্ট গার্ড ও ডুবুরি দলের সমন্বয়ে নিখোঁজ দুই যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে।


