https://asia24.tv


জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: -সংগৃহীত
নতুন করে কাউকে স্বৈরাচার হতে না দেওয়া এবং তাদের উত্থানের পথ রুদ্ধ করতেই ঢাকা থেকে চট্টগ্রামমুখী এই লংমার্চ বলে ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার সকালে শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের আয়োজনে শুরু হওয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, চব্বিশের ৫ আগস্ট দেশবাসী ঢাকা অভিমুখে লংমার্চ করে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। আর এবার ঢাকার বাইরে অন্যান্য অভিমুখে লংমার্চ পরিচালনা করা হচ্ছে নতুন অপশক্তির বিরুদ্ধে।
তিনি স্পষ্ট করেন যে, এই কর্মসূচি মূলত চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এবং গ্যাস-বিদ্যুৎ খাতের অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে জনমত গঠনের লড়াই। পাশাপাশি জনগণের ভোটাধিকারের সঙ্গে প্রতারণাকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে একাট্টা হওয়ার আহ্বান জানান তিনি। এই আন্দোলনকে কেবল ১১ দলের না ডেকে সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম বলে আখ্যা দেন তিনি।
শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অঙ্গীকার ব্যক্ত করে নাহিদ ইসলাম সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, লংমার্চে কোনো ধরনের প্রশাসনিক বাধা দেওয়া হলে তাদের পেশ করা ছয় দফা দাবি তাৎক্ষণিকভাবে সরকার পতনের এক দফার আন্দোলনে পরিণত হবে।


