https://asia24.tv


ছবি: -সংগৃহীত
দেশের সিটি করপোরেশন ও শহরাঞ্চলে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশা চলাচল শৃঙ্খলিত ও নিয়ন্ত্রিত করতে একটি সমন্বিত ও যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করছে সরকার। এই সুসংগঠিত ব্যবস্থাপনা চালু হলে একদিকে যেমন নগরের যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে লাইসেন্সিং ও নিবন্ধনের আওতায় আসার মাধ্যমে সরকারি কোষাগারে বিপুল পরিমাণ রাজস্ব জমা হবে।
রবিবার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের আলোচনা সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তাবনা তুলে ধরা হয়। সিটি করপোরেশন ও শহরাঞ্চলে ই-রিকশা পরিচালনা সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সভায় প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, সড়কে শৃঙ্খলা ফেরানোর প্রক্রিয়ায় সাধারণ যাত্রী ও চালকদের যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয়। ই-রিকশা ব্যবস্থাপনাকে একটি আধুনিক ও টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা সরকারের প্রধান লক্ষ্য। এটি কার্যকর হলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা অনেকাংশেই উন্নত হবে।
প্রস্তাবিত নীতিমালার মূল শর্ত হিসেবে বিদ্যমান ই-রিকশাগুলোর কারিগরি ও শারীরিক ফিটনেস পরীক্ষা করে সনদপত্র প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। ফিটনেসহীন কোনো রিকশা সড়কে চলাচলের সুযোগ পাবে না। পাশাপাশি ব্যাটারি চার্জিং কার্যক্রমকে সুনির্দিষ্ট নিয়মনীতি ও লাইসেন্সের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে, যেখানে নবায়নযোগ্য বা সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর অগ্রাধিকার দেওয়া হবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, প্রস্তুতকৃত খসড়া বিধিমালাটি দ্রুতই চূড়ান্ত আইনি পরীক্ষার (ভেটিং) জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে অচিরেই এটি সারাদেশে কার্যকর করা হবে।
বৈঠকে বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ এহসান ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান সুনির্দিষ্ট কারিগরি সুপারিশ পেশ করেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


