https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
নেপালে সংঘটিত আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে এই সংকটময় মুহূর্তে নেপালকে যেকোনো প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে তিনি জানিয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ শোক ও সহযোগিতার কথা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত ও শোকাহত। বাংলাদেশ পরিস্থিতির সর্বশেষ খবর অনুসরণ করছে।
তিনি বলেন, শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই মারা গিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।
বার্তায় বলা হয়, এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। দুর্যোগে নিহত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করেন। একই সঙ্গে নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।


