https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
বরগুনার পাথরঘাটার কাছে বঙ্গোপসাগরের হাইরের চর সংলগ্ন এলাকায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ আগস্ট) সাগরে তল্লাশি চালিয়ে তাঁদের মরদেহের সন্ধান মেলে।
উদ্ধার হওয়া জেলেদের মরদেহ নিয়ে একটি উদ্ধারকারী ট্রলার পাথরঘাটা উপকূলের দিকে রওয়ানা দিয়েছে বলে নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্ত ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা।
নিহত পাঁচ জেলে হলেন— পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।
এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরে উত্তাল সাগরে প্রচণ্ড ঝড় ও বিশাল ঢেউয়ের আঘাতে ১৩ জন ক্রুসহ ‘এফবি বরকত’ নামের ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। দুর্ঘটনার পর পাশে থাকা অন্য একটি ট্রলারের সহায়তায় ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৫ জন নিখোঁজ থাকেন।
উদ্ধার পাওয়া ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, সাগরে বৈরী আবহাওয়া চলার সময় ক্লান্ত কয়েকজন জেলে ট্রলারের ক্যাবিনে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড তুফান ও বিশাল ঢেউ এসে ট্রলারটিকে উল্টে দেয়। ভেসে থাকা আটজন প্রায় দুই ঘণ্টা পর অপর একটি ট্রলারে উঠে প্রাণ রক্ষা করেন।
দুর্ঘটনার তথ্য পাওয়ার পরপরই বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির উদ্যোগে সাগরে বিশেষ উদ্ধারকারী ট্রলার পাঠানো হয়। উদ্ধারকারী দলটি সমুদ্রে ব্যাপক অনুসন্ধান চালিয়ে নিখোঁজ ৫ জেলেরই মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
নিখোঁজদের মৃত্যুর খবর পাথরঘাটায় পৌঁছানোর পর নিহতদের পরিবার ও পুরো এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ উপকূলে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


