https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
সাধারণ মানুষের সেবা দেওয়ার পরিবর্তে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন। সম্প্রতি সেবাগ্রহীতার কাজ করে দেওয়ার বিনিময়ে অর্থ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
সোমবার (২৪ আগষ্ট) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন।
এর আগে, দুপুর ২টার সময় জয়মন্টপ ভূমি অফিস পরিদর্শন করতে গিয়ে এক ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিয়া।
জানা যায়, উপজেলার পূর্ব ভাকুম এলাকার মোছা. ফজিলাতুন্নেছা জমির নামজারি করতে জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিসে যান। পরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) কামরুজ্জামানের কাছে নামজারির জন্য আবেদন করেন তিনি। অভিযোগ রয়েছে, নামজারি করে দেওয়ার বিনিময়ে তার কাছ থেকে ৩১ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন ওই কর্মকর্তা।
পরবর্তীতে গতকাল সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গেলে ভুক্তভোগী ফজিলাতুন্নেছা অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি তার কাছে অভিযোগ করেন। পরে বিষয়টি যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে জানতে জয়মন্টপ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) কামরুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।
সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, একজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে কমিশনার স্যার ইন্সট্যান্ট (তাৎক্ষণিক) অর্ডার দিয়েছেন যে অভিযুক্ত কর্মকর্তা সাময়িক বহিষ্কার হিসেবে থাকবে। পরবর্তীতে অভিযোগকারীর বিস্তারিত তদন্তের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


