ঢাকায় অবস্থিত চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর ঘটনার পর রাজধানীর পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। বারিধারা ও গুলশানসহ সংলগ্ন স্পর্শকাতর পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে সার্বক্ষণিক নজরদারি।

রবিবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের।

তিনি জানান, বিদেশি দূতাবাসগুলো তাদের নিজস্ব নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবগত করে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তর এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে বিষয়টি জানানো হলে তাৎক্ষণিকভাবে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়।

ই-মেইলগুলোর উৎস নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে এগুলো কোনো প্রতারণামূলক ‘স্ক্যাম’ বা ভুয়া মেইল হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দূতাবাসগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত পুলিশে সরাসরি কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ বা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়নি। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।