বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৩ থেকে ২৫ আগস্ট তিন দিনের সরকারি সফরে ভারত যেতে পারেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’। এটি দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম ভারত সফর হতে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবেই এ সফরের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমান সরকার শুরু থেকেই ভারতের সাথে ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়ে আসছে এবং সম্ভাব্য এ সফর নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে উভয় দেশের মধ্যে আলোচনা চলছে।
তবে সম্প্রতি ঢাকা ইঙ্গিত দিয়েছিল যে, শীর্ষ পর্যায়ের এ সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রস্তুত করা প্রয়োজন। বিশেষ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য এবং তাঁর প্রত্যর্পণ ইস্যুতে ঢাকার জোরালো দাবির পটভূমিতেই এ আলোচনা নতুন মাত্রা পেয়েছে।
উল্লেখ্য, জনরোষের মুখে দেশত্যাগের পর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত নভেম্বরে তাঁর অনুপস্থিতিতে একটি মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলেও তিনি তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। তবে দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান শীতলতা দূর করে সফরটি বাস্তবায়নে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।





মন্তব্য করুন