https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
রাজধানীর খুচরা বাজারে চাল, ডাল ও সবজির পাশাপাশি নতুন করে বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম। ফলে নিত্যপণ্যের এ লাগামহীন দরবৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও নির্দিষ্ট আয়ের সাধারণ ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০ টাকা, সোনালি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস বিকোচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকায়। প্রোটিনের সহজলভ্য উৎস ডিমের বাজারেও অস্বস্তি স্পষ্ট। বাজারে লাল ও বাদামি ডিম ডজনপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকা এবং পাড়া-মহল্লার খুচরা দোকানে তা বেড়ে ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারগুলোতেও দর উচ্চমুখী। প্রতি কেজি তেলাপিয়া ২৫০ থেকে ২৬০, পাঙাশ ২৩০ থেকে ২৫০, রুই ও কাতলা ৩৮০ থেকে ৫০০ এবং চাষের শিং ৩০০ থেকে ৪৫০ টাকায় কেনাবেচা হচ্ছে। পাবদা, বাইন, ট্যাংরা ও রূপচাঁদা কিনতে সাধারণ মানুষের পকেট খালি হচ্ছে। আর মাঝারি ও বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা কেজি দরে। ২০০ টাকার নিচে কোনো ধরনের ভালো মানসম্মত মাছই মিলছে না।
তবে কিছুটা স্বস্তি মিলেছে সবজির বাজারে। দু-একটি বাদে অধিকাংশ সবজি কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে কেনা যাচ্ছে। ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি না থাকায় প্রতিদিনের বাজার খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত বাজার মনিটরিং নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


