https://asia24.tv


ছবি: -সংগৃহীত
পেরুর দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে এই ভূকম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য মতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.৭। অবশ্য পেরুর নিজস্ব ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট তাদের পরিমাপে এর মাত্রা ৭.২ বলে উল্লেখ করেছে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পেরুর আয়াকুচো এলাকার পারিনাকোচাস প্রদেশের কোরাকোরা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে। এটির ভূগর্ভস্থ গভীরতা ছিল প্রায় ১০৮ কিলোমিটার।
তীব্র এই কম্পন রাজধানী লিমাসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে স্পষ্টভাবে অনুভূত হয়। তবে উৎপত্তিস্থল বেশ গভীরে থাকায় এর প্রাথমিক আঘাতের শক্তি ভূগর্ভেই অনেকটাই প্রশমিত হয়ে যায়। ফলে ভূপৃষ্ঠে এর প্রভাবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ ভৌগোলিক অঞ্চলে অবস্থানের কারণে পেরুতে প্রায়ই এই ধরনের ভূকম্পন ঘটে থাকে। যেমন ২০০৭ সালে দেশটির ইকা অঞ্চলে ৭.৯ মাত্রার এক প্রলয়ংকরী ভূমিকম্পে প্রায় ছয়শত মানুষের প্রাণহানি ঘটেছিল।
সাম্প্রতিক সময়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে ঘনঘন কম্পন দেখা দেওয়ায় স্থানীয় ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট জনগণকে সতর্ক থাকার তাগিদ দিয়েছে। একই সাথে বাসাবাড়িতে জরুরি সময়ে দ্রুত নিরাপদে বের হওয়ার পরিকল্পনা প্রস্তুত রাখা ও প্রয়োজনীয় উপকরণ সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


