https://asia24.tv


ছবি: -সংগৃহীত
জামালপুরের মাদারগঞ্জে পূর্বশত্রুতার জেরে চাচা-ভাতিজাকে নির্মমভাবে হত্যার দায় দীর্ঘ ১০ বছর পর প্রমানিত হওয়ায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে বিচারক মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা ও যাবজ্জীবনপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ প্রদান করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দিনের আদালত এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—শাখাওয়াত, সোহেল, আলআমিন, সাদ্দাম, অন্তর, উজ্জ্বল ও ফয়জুর। অন্যদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—চাঁন মিয়া, জিয়ার, শাহ আলম, কাওছার, সুমন, রিফাত ও মোস্তফা। মামলার আসামি ও বাদী উভয়েই মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের অধিবাসী।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম সূত্রে জানা যায়, আগের একটি বিরোধের জের ধরে ২০১৬ সালের ১৬ মে রাতে গানবাজনার কথা বলে আসামী শাখাওয়াত ও সোহেল ভুক্তভোগী মহর আলী এবং তার ভাতিজা স্বপন মিয়াকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে জোড়খালী ইউনিয়নের একটি পাটখেতে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত এই চূড়ান্ত রায় ঘোষণা করেন।


