https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় পৌঁছানোয় যুদ্ধ বন্ধে দেশটিকে অবিলম্বে সাদা পতাকা তুলে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দেন, কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়ায় ওমান যদি বাধা হয়ে দাঁড়ায়, তবে দেশটিতে ভয়াবহ বোমাহামলা চালানো হবে।
বাণিজ্যিক জাহাজ চলাচলের এই আন্তর্জাতিক জলপথের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলায় জ্বালানি তেলের বৈশ্বিক বাজার চরম অস্থির রূপ নিয়েছে। একইসঙ্গে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ট্রাম্পের ওপর চাপ ক্রমশ বাড়ছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর আগে গত জুনে হোয়াইট হাউসের মধ্যস্থতায় সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে একটি ৬০ দিনের অন্তর্বর্তী সমঝোতা চুক্তি হলেও সম্প্রতি তা ভেঙে পড়ে। ওই সমঝোতার ৬০ দিনের মেয়াদ পূর্ণ হওয়ার দিনে নতুন কোনো চূড়ান্ত চুক্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প স্পষ্ট জানান, মার্কিন অবরোধের সামনে ইরানের আত্মসমর্পণ ছাড়া আর কোনো বিকল্প নেই।
অন্যদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন রুট নির্ধারণে ইরান ও ওমানের মধ্যে আলাদা দ্বিপক্ষীয় আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের সম্মতি ও তদারকি ছাড়া ওমান নিরপেক্ষ ভূমিকা রেখে একক পদক্ষেপ নিলে তা বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বিশ্ববাজারে তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হওয়া এই জলপথের বর্তমান অচলাবস্থার জন্য ট্রাম্প সরাসরি তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকেই দায়ী করছেন।
আসন্ন মার্কিন নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে ট্রাম্প সাফ জানিয়ে দেন, মধ্যবর্তী নির্বাচন তাঁর ইরান নীতির ওপর কোনো প্রভাব ফেলছে না; কারণ ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নস্যাৎ করাই এখন ওয়াশিংটনের প্রধান ও এক নম্বর লক্ষ্য।


