https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার ক্ষেত্রে নতুন বেশ কিছু নিয়ম ও বাধ্যবাধকতা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো যাত্রীর কাছে ৩৬৫ দিনের বৈধ ভিসা থাকলেও তিনি সরাসরি সৌদি আরবে গিয়ে ওমরাহ করতে পারবেন না; প্রতিবার ভ্রমণের পূর্বেই নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতা শেষ করা আবশ্যক।
রবিবার (১৬ আগস্ট ২০২৬) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ভিসাধারীদের বাধ্যতামূলকভাবে ‘নুসুক’ প্ল্যাটফর্মে নিবন্ধিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। একই সঙ্গে সৌদিতে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের আলাদা অনুমতি নিতে হবে, যার তারিখের সাথে কেনা প্যাকেজের মিল থাকা শর্ত।
জুলাইয়ে চালু হওয়া এই ভিসায় বছরে একাধিকবার প্রবেশ করা গেলেও পুরো মেয়াদে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে। এছাড়া প্রথমবার ভ্রমণের ক্ষেত্রে নুসুক থেকে প্যাকেজ কিনে ভিসার আবেদন ও যাবতীয় তথ্য যাচাইয়ের পর বোর্ডিং মিলবে। সৌদিতে প্রবেশ ও প্রস্থানের সময় অবস্থানকাল নিখুঁতভাবে গণনা করবে কর্তৃপক্ষ। ওমরাহ শৃঙ্খলাবদ্ধ ও মসৃণ করতেই এই কড়াকড়ি বলে জানিয়েছে মন্ত্রণালয়।


