দেশের চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য সরকারের চরম পরিকল্পনাহীনতা ও ভুল সিদ্ধান্তকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। বর্তমান সংকট কাটাতে নিজস্ব রূপরেখা তুলে ধরে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতকে কোনোভাবেই বিদ্যুৎ করিডোর দেওয়া যাবে না।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, যুদ্ধ, বহির্বিশ্বের ভূরাজনীতি, কিংবা এলএনজি টার্মিনালে আগুনের অশুভ অজুহাত দেখিয়ে সরকার দায় এড়াতে পারে না। মূলত জ্বালানি ক্রয়ে সরকারের সঠিক সিদ্ধান্তহীনতা ও ভুল অগ্রাধিকারের কারণেই আজ দেশজুড়ে চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। সরকারের ভ্রান্ত নীতির কারণে কয়লা, ফার্নেস অয়েল ও আমদানি করা বিদ্যুতের বিল বকেয়া পড়েছে; ফলে এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ও আমদানি উদ্বেগজনকভাবে কমে গেছে।
মহেশখালীর টার্মিনালে অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, যেকোনো দুর্যোগে বিকল্প ব্যবস্থা বা ‘কন্টিনজেন্সি প্ল্যান’ রাখা রাষ্ট্রের দায়িত্ব। অথচ এই একই সময়ে ভারত থেকে ডিজেল সরবরাহ, আদানির বিদ্যুৎ ও দেশের কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে। আগস্ট মাসে দেশে ইতিহাসের ভয়াবহতম লোডশেডিং হচ্ছে দাবি করে তিনি জানান, গত ১০ আগস্ট রাতে সর্বোচ্চ ৩,৭৫৭ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং নথিভুক্ত হয়েছে এবং গ্রামাঞ্চলে মানুষ দৈনিক ১০ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সমালোচনা করে তিনি লেখেন, “টুকু সাহেব লোডশেডিংয়ের চেয়েও বড় ভুল বা ব্লান্ডার করে যাচ্ছেন।”
পাশাপাশি কাটিহার–পার্বতীপুর–বরনগর ৭৬৫ কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে তাদের মূল ভূখণ্ডে বিদ্যুৎ নেওয়ার উদ্যোগ নিয়ে ঘোর আপত্তি জানান তিনি। হাসনাত স্পষ্ট জানান, ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে সংকট না থাকলেও দেশের নদী, জমি ও সার্বভৌম স্বার্থ বন্ধক রেখে এমন বিদ্যুৎ করিডোর বাস্তবায়ন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সংকট মোকাবিলায় এনসিপির প্রস্তাবিত জাতীয় রূপরেখা অনুসরণের আহ্বান জানান তিনি।





মন্তব্য করুন