https://asia24.tv


ত্বকী। ছবি: -ফাইল ছবি
আদালতের বেঁধে দেওয়া ৩০ দিনের সময় তিন দফায় বাড়িয়ে নেওয়ার পরও আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১২ আগস্ট ২০২৬) নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির ১০৫তম শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তদন্তকারী কর্মকর্তা র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার প্রতিবেদন দাখিল করেননি এবং নতুন করে সময়ের আবেদনও করেননি। শুনানি শেষে বিচারক নুরুল হুদা চৌধুরী আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন। আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
চলতি বছরের ৮ জানুয়ারি ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন আদালত। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তিন দফায় সময় বাড়ানো হয়। গত ১ জুলাই তৃতীয় দফায় সময় চাওয়া হলে আদালত ১২ আগস্ট দিন ধার্য করেছিলেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন মামলার আসামি জামশেদ শেখ, ইউসুফ হোসেন লিটন, কাজল হাওলাদার, শাফায়েত হোসেন শিপন, ইয়ার মোহাম্মদ পারভেজ ও রিফাত বিন ওসমান আদালতে হাজিরা দেন। জামশেদ বর্তমানে কারাগারে রয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ জানান, পলাতক আসামি সুলতান শওকত ভ্রমর, সালেহ রহমান সীমান্ত ও আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ রয়েছে। জামিনে থাকা আসামি তায়েবউদ্দিন জ্যাকি দীর্ঘদিন ধরে অসুস্থতার অজুহাতে অনুপস্থিত থাকায় তাঁর আবেদন শেষবারের মতো মঞ্জুর করেছেন আদালত। আগামীতে হাজির না হলে তাঁর জামিন বাতিল করে পরোয়ানা জারি করা হবে।


