https://asia24.tv


অলি আহমদের পক্ষে আনুষ্ঠানিক মনোনয়ন জমা। ছবি: -সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আকস্মিক পদত্যাগের পর খালি হওয়া পদে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে বীর বিক্রম অলি আহমদের পক্ষে আনুষ্ঠানিক মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র হস্তান্তর করে জামায়াত নেতা এএইচএম হামিদুর রহমান আযাদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। প্রার্থীর প্রস্তাবক হিসেবে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের সংসদ সদস্য শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন স্বাক্ষর করেছেন।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাকর্তা অলি আহমদ দীর্ঘ দিন বিএনপির নীতিনির্ধারণী রাজনীতি ও মন্ত্রিসভায় যুক্ত ছিলেন। পরে বিএনপি ছেড়ে তিনি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) গঠন করেন। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে তিনি ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এই সমীকরণে যুক্ত হন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমানে সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
বিরোধী জোটের নেতাদের মতে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও অংশগ্রহণমূলক পরিবেশ বজায় রাখতেই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে প্রবীণ রাজনীতিবিদ অলি আহমদকেই তারা যোগ্য রাষ্ট্রপ্রধান মনে করছেন।


