https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক আলোচিত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানীসহ ৬ জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
বুধবার (১২ আগস্ট ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অর্জিত ক্ষমতাবলে তাঁদের বরখাস্ত করা হয়েছে।
চাকরিচ্যুত অপর কর্মকর্তারা হলেন—ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী (বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত), ওয়ারী বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন (খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত), উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীম (চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত) এবং কক্সবাজার ১৪ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনস্বার্থে ও প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার তাগিদে এই বরখাস্তের আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।


