https://asia24.tv


শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ছবি: -সংগৃহীত
আগমী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে আগের মতোই এসএসসি ও সমমানের পরীক্ষার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১০ আগস্ট ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই সিদ্ধান্ত নিশ্চিত করেন।
শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানান, পূর্ববর্তী প্রচলিত নিয়ম অনুযায়ী প্রাপ্ত নম্বর ও জিপিএ (GPA)-এর ভিত্তিতে শিক্ষার্থীরা অনলাইনে পছন্দের কলেজে ভর্তির আবেদন করতে পারবে। ভর্তির ক্ষেত্রে নতুন কোনো প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না।
এর আগে সকাল ১০টায় আন্তর্জাতিক মানদণ্ড ও কঠোর মূল্যায়নে প্রস্তুতকৃত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা মন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ফলাফলের নথি হস্তান্তর করেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান দেশের সার্বিক ফলাফল সাংবাদিকদের সামনে তুলে ধরেন। প্রকাশিত ফলে দেখা যায়, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে পাসের গড় হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ।


