https://asia24.tv


প্রধানমন্ত্রী তারেক রহমান ও আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। ছবি: -সংগৃহীত
কক্সবাজার ও চট্টগ্রাম সফরের অংশ হিসেবে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৯ আগস্ট ২০২৬) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
মাদ্রাসায় পৌঁছালে প্রবীণ ইসলামী পণ্ডিত ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যান। সেখানে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয় এবং প্রধানমন্ত্রী হেফাজতে আমিরের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন।
বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়ায় মাদ্রাসার শিক্ষার্থীরা। গাড়ি থেকে নেমে তিনি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। বৈঠক শেষে হেফাজত আমিরের সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সুধী ও মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।
এর আগে হেলিকপ্টারে বাঁশখালী থেকে ফটিকছড়ির পাইন্দং পেলাগাজী দিঘী হেলিপ্যাডে পৌঁছান প্রধানমন্ত্রী এবং সেখান থেকে সড়কপথে হাটহাজারী সংলগ্ন বাবুনগর মাদ্রাসায় যান।


